সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ জিল্লুর রহমান (৫৫) নামে এক মাদ্রাসা প্রিন্সিপ্যাল ও তার তিন সহযোগীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। শুক্রবার দুপুরে র্যাব ঢাকা-বগুড়া মহাসড়কে নলকা ইউনিয়নের দাদপুর এলাকা থেকে তাদের আটক করে। আটক জিল্লুর রহমান দাদপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে ও মুরাদপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল। এছাড়াও দাদপুর জিআর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা।
তার অন্য সহযোগীরা হলেন, আঙ্গারু গ্রামের রুহুল আমিনের ছেলে মো. নাছির উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মাসুদ রানা (২০) এবং দাদপুর গ্রামের আনু শেখের ছেলে আব্দুল বারিক(৪০)।
শুক্রবার বিকেলে সলঙ্গার চড়িয়া এলাকায় অবস্থিত র্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে সাকিবুল ইসলাম বলেন, মোঃ জিল্লুুর রহমান দাদপুরের জুবা ফুড গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তিনি দীর্ঘদিন যাবৎ হোটেল ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তিনি তার রেস্টুরেন্টের ম্যানেজার নাছির উদ্দিন ও তার ভাই মাসুদ রানা এবং হোটেলের পার্শ্ববর্তী পান বিক্রেতা আব্দুল বারিকের মাধ্যমে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুবা ফুড গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে পান দোকানদার বারিক, হোটেল ম্যানেজার নাছির ও তার ভাই মাসুদকে ১শ ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দাদপুর এলাকার জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু