পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একান্ত বৈঠক নিয়ে সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই আমন্ত্রণ জানালেন। রাশিয়া বলেছে, ফলোআপ বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই। খবর সিএনএনের।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানাতে নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে নির্দেশ দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার  বার্তায় জানান, আমি আরেকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের আশা করছি। চলতি সপ্তাহে বৈঠকের পর যেসব আলোচনা চলছে তা আরো এগিয়ে নিতে বৈঠক করা প্রয়োজন।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানান, বৃহস্পতিবার জন বোল্টন প্রেসিডেন্টকে পুতিনকে আমন্ত্রণ জানান। তবে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস জানিয়েছেন, ১৬ জুলাই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কী কথা হয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না। আর সম্ভাব্য দ্বিতীয় বৈঠক সম্পর্কেও তার কোনো ধারণা নেই। হয়তো এটা বিশেষ বৈঠক হচ্ছে।

ড্যান কোটসকে কেন এ বিষয়ে জানানো হয়নি সেই বিষয়ে কোনো উত্তর দেননি হোয়াইট হাউসের কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনতোলি আন্তোনভ বলেছেন, আমরা সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। আর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটা ফলোআপ বৈঠক করতেও আমরা রাজি।

ইত্তেফাক/নূহু