ফুলবাড়ীয়া সড়কে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি

সড়ক ও জনপদ বিভাগের ফুলবাড়ীয়া-ভালুকজান সড়ক। সড়কটির ভালুকজান বাজারে ২শ’ মিটার সড়কে একটু বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যানজটে নাকাল দক্ষিণাঞ্চরের ৬ ইউনিয়নের পৌনে ৫ লাখ মানুষ। এ সড়কটির কয়েকটি বাজার অংশে একই অবস্থা বিরাজ করছে।

একই সড়কের দাপুনিয়া বাজারের ব্রিজের এপারে ৫শ’ মিটার, দেওখোলা বাজারে ৫শ’ মিটার, কসাই বাড়ী মোড়ে আরও ৫শ’ মিটার সড়ক দিয়ে এখন যান চলাচল অনুপযোগী। জোরবাড়ীয়া প্রাথমিক স্কুল সংলগ্ন স্থানে ২টি গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে সড়কে এখন আর কংক্রিট চোখে পড়ে না। বর্ষাকালে কাদাপানি, শুকনা মৌসুমে ধুলাবালি।

ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের ২১ কিলোমটাির সড়কের প্রায় ৫ কিলোমিটার সড়ক মেরামত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ফুলবাড়ীয়া-ভালুকজান বাজার সড়ক অংশ দিয়ে দক্ষিণাঞ্চলের এনায়েতপুর, ভবানীপুর, আছিম পাটুলী, কালাদহ, বাকতা, রাঙামাটিয়া ও নাওগাঁও ইউনিয়নের প্রায় পৌনে ৫ লাখ মানুষ যোগাযোগের একমাত্র সড়ক দিয়ে উপজেলা সদর ও বিভাগীয় শহরে যাতায়াত করে করে থাকেন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, প্রতিটি মাসিক সমন্বয় সভায় সড়কটি মেরামত করার জন্য সড়ক ও জনপদ বিভাগকে তাগিদ দেয়া হয়। সড়কটি যানচলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়লে তারা লো দেখানো কাজ করে কাজ বন্ধ করে দেয়। তবে সড়ক ও জনপদ বিভাগের নলেজে সড়কটি যে বেহাল তা আছে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, আমি ইউএনওর সাথে গিয়ে সড়কটির বেহাল অবস্থা দেখেছি। সড়কে পানি জমে মূল সড়কের বেহাল দশা হয়। সড়কটির বাজার অংশগুলোতে ঢালাই করে দেয়ার চিন্তা-ভাবনা চলছে। অচিরেই কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু