ডাকঘর চাই

কাগজপত্র অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলাধীন চন্দ্রকোনায় ডাকঘর থাকলেও বাস্তবে কোনো ডাক কার্যক্রম, অফিস কিছুই নেই। ফলে জনগণের চিঠি আদান-প্রদান ও ডাকপিয়নের চিঠি বিলি করতে শুরু থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাকরির ইন্টারভিউয়ের কার্ড সময়মতো না পাওয়ার ভুক্তভোগী অনেকেই। যদিও এই এলাকার চিঠিগুলো আদান-প্রদানের জন্য গ্রামের কোনো এক বাড়ির একটি ঘর আপাতত ব্যবহার করা হচ্ছে। তবে এই বিষয়টি চন্দ্রকোনার অধিকাংশ মানুষের জানা নেই। আর যাঁরা জানেন তাঁরাও কোনো সুবিধা ভোগ করতে পারছেন না। সেখানে চিঠি প্রেরণের জন্য গিয়ে প্রায় সবসময় তালা ঝুলতে দেখা যায়। চিঠি, মানিঅর্ডার, পার্সেল, খাম, ডাকটিকিট, পোস্টকার্ড কেউ পাচ্ছেন না। সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারি এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী। ৩ টাকার চিঠি  প্রেরণ করতে চন্দ্রকোনার জনগণকে ন্যুনতম ৫০ টাকা যাতায়াতভাড়া খরচ করে উপজেলা শহরে যেতে হয়। এ অবস্থায়, চন্দ্রকোনায় একটি ডাকঘর স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোশারফ হোসেন

নকলা, শেরপুর