‘জার্মানিতে বাসে হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়’: পুলিশ

জার্মানির উত্তরাঞ্চলে একটি বাসে ছুরিকাঘাতে ১৪ জন আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির।
 
লুয়িবেকের প্রধান প্রসিকিউটর উলা হিংস্ট জানান, সন্দেহভাজন এ হামলাকারী ইরান বশোদ্ভূত জার্মান নাগরিক। তার বয়স ৩৪ বছর।
 
তিনি জানান, যাত্রী বোঝাই বাসটি শুক্রবার লুয়িবেক নগরীর নিকটবর্তী জনপ্রিয় সমুদ্র সৈকত ত্রাভেমুয়েন্দি যাওয়ার সময় এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আক্রমণ করে। যাত্রীদের পালানোর সুযোগ করে দিতে তাৎক্ষণিক গাড়ি থামিয়ে দেয় চালক। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেফতার করে।
 
স্কলেসউয়িগ-হোলস্টিন রাজ্যের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-জোয়াচিম গ্রোত বলেন, ওই বাসে হামলায় ১৪ জন আহত হয়। বাসের চালককেও ছুরিকাঘাত করা হয়। তবে সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।
 
তিনি বলেন, ‘এ হামলার সঙ্গে উগ্রবাদের কোন ধরনের যোগসূত্রের ইঙ্গিত আমরা পাইনি। হামলাকারী এ ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কোন কথা বলেনি। শনিবার তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।’
 
ইত্তেফাক/টিএস