কক্সবাজারের চকরিয়ায় মাদক কারবারিদের গোলাগুলিতে মো. ইসমাইল প্রকাশ ওরফে ডাইল ইসমাইল (৪৫) নামে ছয় মাদক মামলার আসামি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজ চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গর্জন বাগানে গোলাগুলির পর নিহত ইসমাইলে লাশ উদ্ধার করে পুলিশ। ভোররাতে লাশ উদ্ধারের সময় লাশের পাশে পড়ে থাকা একটি দেশীয় এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচপাড়া এলাকার মৃত আবু ছালামের ছেলে।
চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, শনিবার ভোররাতে চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজের ফাঁসিয়াখালী ইউনিয়নের গর্জনবাগান এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পাই। চকরিয়া থানার দুটি পুলিশ টিম ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মরদেহের পিটে গুলিবিদ্ধ হওয়ার চিহৃ রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত ইসমাইল একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে ৬টি মামলা রয়েছে। ইসমাইলের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই