টাঙ্গাইলের ঘাটাইলে এডভোকেট ফরহাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই রুবেল মিয়া। আজ শনিবার বিকাল ৪টায় উপজেলার সাগরদীঘির বেতুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকারী রুবেল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, হাফেজ উদ্দিনের ছেলে এডভোকেট ফরহাদ হোসেনের সঙ্গে চাচা মো. রফিকুল ইসলাম ও দেলোয়ার গংদের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে আহত করে। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর সাগরদীঘি তদন্ত কেন্দ্রে গিয়ে হত্যাকারী আত্মসমর্পণ করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমওয়াই