টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সখীপুর-গোপীনপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইদ্রিস আলী রবিবার সকালে মোটরসাইকেল যোগে সখীপুর পৌরশহরে যাওয়ার পথে গোপীনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে