তালায় বৃদ্ধার জমি লিখে নিয়ে হাত-পা বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

সাতক্ষীরার তালায় গোলজান বিবি নামের আশি বছরের এক বৃদ্ধাকে রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতনের পর তার সমস্ত জমি দলিল করে নিয়েছে দূর সম্পর্কের এক আত্মীয় শওকত আলী শেখ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে। বৃদ্ধার করুণ আকুতির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত শওকত আলী আটারই গ্রামের শেখ পাড়ার মোহাম্মাদ শেখের ছেলে।
 
ভুক্তভোগী বৃদ্ধা গোলজান বিবির প্রতিবেশি খোকন মোড়ল জানান, গোলজান বিবির পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একটা বোন ছিল সেও চার বছর আগে মারা গেছেন। বর্তমানে বৃদ্ধা একা। ছোট্ট একটি মাটির ঘরে তার বসবাস। বৃদ্ধার বেশ কিছু জমি রয়েছে। তার জমির মধ্যে থেকে একটি জমি স্থানীয় আটারই মোড়ল ও শেখ পাড়া জামে মসজিদের কল্যাণে দান করেছেন। মসজিদ কর্তৃপক্ষ সেই জমিটি মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করে আসছে। বৃদ্ধা কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বয়সের ভার আর অসুস্থার কারণে কথা বলতে পারেন না এখন। এই অসুস্থার সুযোগে বৃদ্ধার দূর সম্পর্কের আত্মীয় শওকত আলী শেখ তার বাড়িতে নিয়ে যান। বৃদ্ধাকে শওকত আলীর বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় অমানুষিক নির্যাতন। অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সুযোগে শওকত আলী বৃদ্ধার সমস্ত জমি নিজ নামে দলিল করে নেন। বৃদ্ধা মসজিদে যে জমিটি দান করেছিলেন সেটাও শওকত নিজ নামে দলিল করে নেন। গোলজান বিবির কাছ থেকে সমস্ত জমি দলিল করে নিয়ে শওকত তাকে অমানুষিক নির্যাতন শুরু করে। বৃদ্ধার হাত, পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করে। রশি দিয়ে বাঁধা অবস্থায় উঁচু করে ঘরের মধ্যে ফেলে দেন। ফলে তার হাতের একটি আঙুলও ভেঙে গেছে। মেরুদণ্ডসহ দেহের অন্যান্য অঙ্গে মারাত্মক আঘাত পেয়েছেন। 
 
তিনি আরও জানান, জমি দলিল করে নেওয়ার পরে সে সকল জমিতে দখলের জোর চেষ্টা চালাচ্ছে। মসজিদে দানকৃত জমিতেও তিনি জবরদখল করার পাঁয়তারা চালাচ্ছে। এ দিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শওকত আলী শেখ গা ঢাকা দিয়েছেন বলে এলাকাবাসী জানান।
 
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, বৃদ্ধা মহিলার বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে বিষয়টির খবর নেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 
 
 
ইত্তেফাক/এমআই