গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের থেকে অজ্ঞাত পরিচয় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাদুল্লাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম এলাকায় পাকা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্থানীয় লোকজন শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় গুলাগুলির শব্দ শুনতে পান। পরে রবিবার ভোর রাতে ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠান।
তিনি আরো জানান, সম্প্রতি গাইবান্ধা সদর থানার গোদারঘাট ব্রিজ এলাকায় পরেশ চন্দ্র ও শৈলাস চন্দ্র নামে দুই ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এক সংঘর্ষে পরেশ চন্দ্র নামে এক ডাকাত নিহত ও তার ছোট ভাই ভবেশ চন্দ্র গুরুতর আহত হয়। ওই দুই গ্রুপের মধ্যে এই এলাকায় গুলাগুলির ঘটনা ঘটতে পারে। নিহত অজ্ঞাত ওই ব্যক্তি এই দুই দলের কোনো এক ডাকাত গ্রুপের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে বিভিন্ন সোর্সের তথ্য উপাত্ত সংগ্রহ থেকে এই ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে