নাট্যসংগঠন ‘দেশ থিয়েটার’ সিলেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় গত বৃহস্পতিবার রাতে।
নগরীর জিন্দাবাজারের নজরুল একাডেমিতে পপি বেগমের পরিচালনায় ও সংগঠনের সভাপতি কামাল আহমেদ দুর্জয়ের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজরক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে। মেয়র আরো বলেন, সংস্কৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবনটাও একটি সংস্কৃতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, নাট্যালোক সিলেটের সভাপতি আফজাল হোসেন, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল আহমদ মুন্না, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল হোসেন।
পরে মেয়র দেশ থিয়েটারের পক্ষ থেকে ৬ গুণী ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আব্দুল মালিক চৌধুরী, কাজী আয়েশা বেগম, আব্দুল অদুদ চৌধুরী, ফয়ছল আহমদ মুন্না, নজরুল ইসলাম রানা, মো. ইমতিয়াজ কামরান তালুকদারকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।