২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল দ্রুত চালুর দাবি

২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুব ইউনিয়ন। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে পৌর শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,‘ দুবছর আগেই ২৫০ শয্যা নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। চিকিত্সার যন্ত্রপাতিও আনা হয়েছে কিন্তু হাসপাতাল চালু করা হচ্ছে না। এতে সেবাবঞ্চিত হচ্ছে  সুনামগঞ্জ জেলাবাসী।’ বক্তারা অবিলম্বে হাওরাঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান সরকারি হাসপাতালটি দ্রুত চালুরর্ দাবি জানান। পাশাপাশি হাসপাতাল কেন্দ্রিক বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম দুদককে তদন্তের দাবি জানান।

জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, অ্যাডভোকেট প্রসেনজিত্ দে, সাংবাদিক শামস শামীম, ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম মজনু, ছাত্রনেতা মনির হোসেন দুর্জয় প্রমুখ।