তিন বছরেও শেষ হয়নি মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার বিচার

দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং  মাতৃগর্ভে  নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনার আজ তিন বছর পূূর্ণ হলো। অর্থাৎ তিন বছরেও শেষ হয়নি এ মামলার বিচার।

জানা গেছে, মামলাটি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। এই আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওযায় আগামী ২৭ আগস্ট পরবর্তী দিন ধার্য্য হয়েছে।

এই মামলার আসামিরা হলেন, সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলাটি সাক্ষ্য গ্রহন পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই বিকালে মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত হন এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন।

মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। তারা পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়।

নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ১৭ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ২ নং আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

ইত্তেফাক/নূহু