সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন রাজধানীর স্কয়ার হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে সোমবার বাসায় ফিরেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় মেনন তার জন্য প্রার্থনাকারী ও হাসপাতালে তাকে দেখতে যাওয়া সকলের প্রতি বৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রায় ১৮ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ির উদ্দেশে বের হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমার অসুস্থ থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী তার প্রতিনিধি পাঠিয়ে যেভাবে আমার শারীরিক খোঁজ-খবর নিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ মন্ত্রীপরিষদের সকল সদস্য ও সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, হাসপাতালের বেডে বসেই এই কয়দিনে মন্ত্রণালয়ের বেশকিছু দাপ্তরিক কাজ করেছি, আশা করছি বাড়িতে বিশ্রামে থাকাকালীন সময়েও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজসমূহ সম্পন্ন করতে পারবো। মেনন বর্তমানে প্রতিদিন হুইল ওয়াকার চেয়ারে ভর দিয়ে সকাল ও সন্ধ্যা দু'বেলা আট-দশ মিনিট করে হাঁটছেন। বাসায় ফেরার পর তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, গত ৫ জুলাই প্রাতঃভ্রমণে গিয়ে পা পিছলে তার ‘ফিমার বোন’- এ চিড় ধরায় তাকে তাৎক্ষণিকভাবে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে প্রখ্যাত শল্য চিকিৎসক প্রফেসর ডা. ভিনু ম্যাথিউ চেরিয়ান মেননের ‘ফিমার বোন’ এ অস্ত্রোপচার করেন।
ইত্তেফাক/এমআই