আফ্রিকা সফরের শুরুতে এখন রুয়ান্ডায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে গিয়েছিলেন একটি দরিদ্র গ্রামে। সেখানে গ্রামবাসীকে উপহার দেন ২০০টি ‘পবিত্র’ গরু। জানিয়েছে এনডিটিভি।
সোমবার শুরু হয় মোদির ৫ দিনের আফ্রিকা সফর। এ সফরে তিনি ভ্রমণ করবেন ৩টি দেশ। রুয়ান্ডা, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা। ভারতের বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ভারতের পররাষ্ট্রনীতিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে আফ্রিকা। অঞ্চলটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন চেষ্টার অংশ হিসেবে মোদি সেখানে প্রবর্তন করলেন ‘গরু কূটনীতি’র।
আফ্রিকায় এটি মোদির দ্বিতীয় সফর। ২০১৬ সালে তিনি গিয়েছিলেন মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায়। কূটনীতির অগ্রাধিকার আফ্রিকায় গত ৪ বছরে ২৩ টি সফর হয়েছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা উপ-রাষ্ট্রপতির। তবে দিল্লীর চেয়েও কম জনসংখ্যার দেশ রুয়ান্ডায় কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।
ইত্তেফাক/টিএস