পীরগাছায় অগ্নিকান্ডে ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

রংপুরের পীরগাছায় সোমবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুব বাস গ্রামের ফজল মিয়ার বাড়িতে সকালে রান্নার কাজ চলছিল। এসময় রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত সিলিন্ডার থেকে আগুন সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পরে। নিমিষেই সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়। বাড়িতে থাকা নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
বাড়ির মালিক ফজল মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি বাড়িতে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা পুড়ে যাওয়ার কথা জানান।
 
ইত্তেফাক/রেজা