রংপুরের বদরগঞ্জে একই দিনে পৃথক দুটি ঘটনায় হাসনা হেনা (২) ও সাব্বির আহম্মেদ(৭) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এতে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাদিয়াপাড়া এলাকায় হাসনা হেনা ও দুপুরে মধুপুর ইউনিয়নের ধরেরপাড় এলাকায় সাব্বির আহম্মেদ পানিতে ডুবে মারা যায়। হাসনা হেনার বাবার নাম গোলাম রব্বানী ও সাব্বির আহম্মেদের বাবার নাম সাদীকুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরের দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুর থেকে শাপলা ফুল তুলতে যায় সাব্বির আহম্মেদ। এ সময় পুকুরের গভীর পানিতে ডুবে যায় সে। পরে অন্যান্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুকুর থেকে সাব্বির আহম্মেদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাব্বির আহম্মেদ ওই এলাকার গোবরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার মৃত্যুর খবর পেয়ে বিদ্যালয়ে সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুল আলম বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সাব্বিরের আত্মীয়-স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েন।
একই দিনে নিজ বাড়িতে টিউবওয়েল না থাকায় শিশু হাসনা হেনাকে বাড়িতে একলা রেখে পাশের বাড়িতে পানিতে আনতে যান তার মা মহফুজা বেগম। এ সময় সবার অজান্তে হাসনা হেনা হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি ছোট্ট পুকুরে পড়ে যায়। সেখানেই শিশুটি ডুবে মারা যায়। পরে আশপাশে খুঁজে না পেয়ে আধা ঘন্টা পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কোলের সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা মহফুজা বেগম বলেন, ছইলটাক রাখি পাশের বাড়িত পানি আইনবার যায়া মোর সর্বনাশ হইল। এখন ছইল ছাড়ি মুই কি করি বাঁচি (বেচে) থাকিম।
ইত্তেফাক/নূহু