মধুখালীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজ সোমবার বিকাল আনুমানিক পাঁচটায় ফরিদপুরের মধুখালীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। আটক দুজন হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের মোমরেজ শেখের ছেলে অহিদুল শেখ (৩০) এবং মো. জিয়ারুলের স্ত্রী রোজিনা বেগম (২৮)।

র‌্যাব-৮ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে আজ সোমবার বিকাল আনুমানিক ৫টায় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে অহিদুল শেখ এবং রোজিনা বেগমকে ৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তারা পেশাদার মাদক (ইয়াবা) ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু