চার সপ্তাহেও খোঁজ মেলেনি এনজিও কর্মচারী সঞ্জয়ের

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রামের সুরেশ চন্দ্র মহন্তর ছেলে টিএমএসএসের কর্মচারী সঞ্জয় কুমার (২২) চার সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

গত ২৮ জুন তার কর্মস্থল টিএমএসএস শরীয়তপুর শাখা হতে বেলা অনুমানিক ১১টার দিকে শরীয়তপুর জেলার মাঝিরঘাটের উদ্দেশ্যে অফিস থেকে বাহির হন। এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি।

সঞ্জয়ের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজ করেও কোথাও তার সন্ধান না পেয়ে গত ২৮ জুন টিএমএসএস শরীয়তপুর শাখার ব্যবস্থাপক জহির রায়হান শরীয়তপুর জেলার পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং ১২৫৮)।

এদিকে দীর্ঘদিনেও সঞ্জয়ের কোন সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। প্রিয় সন্তানের প্রতিক্ষায় পথ চেয়ে আছে অসহায় বাব-মা। যে কোনো মুল্যে তারা তাদের প্রিয় সন্তানকে ফিরে পেতে চান তারা।

সোমবার বিকেলে সঞ্জয়ের বাবা সুরেশ চন্দ্র জানান, গত মাসে আমার ছেলে বাড়ি থেকে শরীয়তপুর যায়। ২৮ জুন আমার ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আমাদের আর কোন যোগাযোগ নেই। জানি না আমার ছেলে কোথায় আছে! আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।

ইত্তেফাক/নূহু