বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে: মনির

বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করায় এ খাতে অনেক সাফল্য অর্জিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় যশোরের চৌগাছার হাকিমপুর মহিলা কলেজে ‘নবীণবরণ ও দোয়া অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার প্রয়াসে সর্বদা সচেষ্ট।

তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি এবং অন্য সেক্টরে উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। গ্রামেগঞ্জে বিদ্যুতের বিস্তার ঘটেছে। যোগাযোগ খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। যোগাযোগ এবং বিদ্যুতের উন্নয়নের ফলেই গ্রামেই এখন আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে।

এমপি মনির বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নিমিত্তে সরকার আধুনিক সব পদক্ষেপ গ্রহণ করেছে। পুরো ব্যবস্থাটিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা কাজকে আরও সহজতর ও আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রায় প্রতিটি স্কুলে আইসিটি ল্যাব চালু হচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, ডিজিটালাইজেশনের ছোঁয়ার ফলে গ্রামে বসেই যে কোন শিক্ষার্থী উন্নত বিশ্বের সঙ্গে নিজের পড়াশোনা তথা উচ্চ শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখতে পারছে সব সময়। এ সবই শেখ হাসিনার সরকারের অবদান।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি সহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌরমেয়র আল-মামুন হিমেল, অধ্যক্ষ আশরাফুজ্জামান বিপু, চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, আওয়ামী লীগ নেত্রী কামরুন নাহার শাহিন, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবির, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সোহারব হোসেন, খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম লিপু এবং প্রাক্তন শিক্ষার্থী সারা ইসলাম মিম।

পরে বিকেল ৫টায় চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মনিরুল ইসলাম মনির এমপি।

ইত্তেফাক/নূহু