বঙ্গোপসাগরে ইলিশ শিকার অবরোধের সময়সীমা পুনর্নির্ধারণের দাবিতে শনিবার মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ রাসেল সেতুর উপর আলীপুর, মহিপুর, কুয়াকাটা মত্স্য ব্যবসায়ী সমিতি এবং ফিশিং বোট মালিক সমিতিসহ জেলে পেশার সঙ্গে জড়িত অন্যান্য সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ইলিশ শিকার করবে। এতে উপকূলের জেলেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আর লাভবান হবে ভারতীয় জেলেরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মহিপুর মত্স্য আড়তদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ, লতাচাপলী ইউপি চেয়ারম্যান কুয়াকাটা ও আলীপুর মত্স্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার গাজী প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় ২০১৫ সালে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সামুদ্রিক মত্স্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনটি এত বছর বাস্তবায়ন না হলেও চলতি মৌসুমে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।