যশোরে দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

যশোরের মণিরামপুরে দু’দল ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলায় এ ঘটনা ঘটে। তবে নিহত দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস পুলিশ পাহারায় পার করে দিয়ে আসার পর গাঙ্গুলিয়া আমতলা মোড়ে এলে গুলির শব্দ শুনতে পান খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন। তখন তিনি রোহিতা বাজারের দিকে খানিকটা এগিয়ে দেখেন কিছু লোক পালিয়ে যাচ্ছে। এ সময় ঘটনাস্থলে রাস্তার দুইপাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে বিষয়টি জানান।
 
তিনি আরো বলেন, পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে চারটি দা, দুটি রশি ও একটি করাত উদ্ধার হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৫৫ বছর। তার পরনে শার্ট প্যান্ট রয়েছে। অপরজনের বয়স হবে ৪৫ বছর। তার পরনে আছে শার্ট-লুঙ্গি। এদের মাথায় একটি করে গুলির চিহ্ন রয়েছে। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এরা নিহত হয়েছেন বলে ওসির ধারণা।
 
এর আগে ১১ জুলাই একইস্থান থেকে যশোরের হাশিমপুরের বাবলুর রহমান বাবলা নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছিল।
 
ইত্তেফাক/এএম