নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে লোহাগড়া থানার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, দুই রাউন্ড গুলি, দু’টো ধরালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান জানান, আহত পুলিশ সদস্যদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েকজন ডাকাত কচুবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেখানে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত সদস্যের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম