ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শিক্ষিকা গ্রেফতার

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রাম থেকে চেক জালিয়াতি (এনআই এ্যাক্ট) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্কুল শিক্ষিকা শুক্লা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদার ডুমরিয়া গ্রামের পংকজ মণ্ডলের স্ত্রী ও কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

মামলার বাদী সূত্রে জানা গেছে, ২০১৪ সালে অষ্ট্রেলিয়া নেওয়ার কথা বলে ব্যাংকের চেক বইয়ের পাতা জামানত রেখে মহিপুর থানার ফারুক সিকদার, মো.ইসমাইল, আবু সালে, মাসুদ খান ও সালাম হাওলাদারের কাছ থেকে ৬ লাখ করে মোট ৩০ লাখ টাকা নিয়ে জাল ভিসা দেন স্কুল শিক্ষিকা শুক্লা হাওলাদার। এর পরে বিভিন্ন সময় ওই ৫ জন তাদের পাওনা টাকা ফেরত্ চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন শিক্ষিকা। পরে ফারুক সিকদারের বাবা পটুয়াখালী জেলার মহিপুর থানার মো. আবু সিকদার বাদী হয়ে ২০১৫ সালে পটুয়াখালী যুগ্ম দায়রা জজ আদালতে এনআই এ্যাক্টে শুক্লা হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আবু তাহের বলেন, গ্রেফতারকৃত শুক্লা হাওলাদারের বিরুদ্ধে এনআই এ্যাক্টের মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।