নাটোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহাদুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আনসার কাটা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত আহাদুল একই উপজেলার কাজীপাড়া গ্রামের মোমিন মন্ডলের ছেলে। এতে ২ জন র‌্যাব সদস্য আহত হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত মাদকবিরোধী টহলের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় অবস্থান করছিল র‌্যাবের একটি টহল দল। এ সময় লালপুর থেকে বড়াইগ্রামের বনপাড়ামুখী রাস্তায় একটি মোটরসাইকেলযোগে ২ জনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখলে র‌্যাবের টহলরত সদস্যরা তাদের পিছু নেয়। পরে গোপালপুর হতে ধানাইদহগামী রাস্তার বিজয়পুর গ্রামের আনসার কাটা মোড় এলাকায় পূর্বে থেকে অপেক্ষারত অজ্ঞাত দুজনের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা হাতবদল করতে দেখা যায়। এ সময় র‌্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুই মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। এ সময় সেখানে পূর্বে থেকে অপেক্ষমান দুইজন মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পনের নির্দেশ দিলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত একজন পালিয়ে যায়। আহাদুল নামের অপর একজন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে র‌্যাব।

পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বন্দুকযুদ্ধে র‌্যাবের ২ সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, গুলির দুইটি খালি খোসা, ৫৭ বোতল ফেন্সিডিল, নগদ ৪৭৫টাকা উদ্ধার করা হয়।

নিহত আহাদুলের বিরুদ্ধে লালপুর থানায় মাদক ও চোরাচালানসহ ৮টি মামলা রয়েছে। সে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল বলে র‌্যাব দাবি করেছে।

ইত্তেফাক/নূহু