মির্জাপুরে হামিদা বেগম(৪০) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পরিবার ও পুলিশের ধারণা দুর্বৃত্তরা সিদ কেটে ঐ নারীর ঘরে প্রবেশ করে ধর্ষনের পর হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিরপাড়া গ্রামের আবু হানিফ মিয়ার বাড়িতে এ হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বংশীগর দিঘিরপাড়া গ্রামের আবু হানিফ মিয়ার কন্যা হামিদা বেগম। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে হামিদা ঘুমাতে যায়। রাতের কোন এক সময়ে দুর্বুত্তরা হামিদার ঘরে সিদ কেটে ঢুকে ধর্ষণ করে। পরিবারের ধারণা হামিদা ধর্ষণকারীদের দেখে ফেলায় দুর্বুত্তরা তাকে হত্যা করে।
সকালে হামিদা ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরোজা খুলে তারা হামিদার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, হামিদাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামিদার হত্যার ঘটনায় তার মাতা হাওয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর কে বা কারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/নূহু