পাবনার চাটমোহরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে পুলিশ এক বখাটেকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি এস এম আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
আটক বখাটের নাম মিলন হোসেন (৩০)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের গ্রামপুলিশ গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার চড়ইকোল দক্ষিণপাড়া গ্রামের গ্রাম পুলিশ গোলজার হোসেনের ছেলে দুই সন্তানের জনক মিলন হোসেন (৩০) গত ২২ জুলাই তার আত্মীয় শুকুর আলীর প্রথম শ্রেণি পড়ুয়া মেয়েকে (৮) মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যায়। মিলন শিশুটিকে নির্জন একটি ভিটায় নিয়ে শ্লীলতাহানী করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পালিয়ে যায় মিলন।
বিষয়টি ওইদিনই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলে একাধিক সূত্র জানায়। পরে শিশুটির পিতা শুকুর আলী গত সোমবার রাতে মিলন হোসেনকে আসামি করে মামলা করেন। মামলা নং ২৭,তাং ২৩/০৭/১৮ ইং।
থানার ওসি (প্রশাসন) এস এম আহসান হাবীব জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটেকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু