বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় বাজারের সাবরেজিস্ট্রার অফিস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, আগুনে বান্নী ক্লথ স্টোর, কলি ফুড অ্যান্ড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ স্টোর এবং কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এসময় পার্শ্ববর্তী একটি মসজিদের বেশকিছু আসবাবপত্রও পুড়ে যায়। বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রাকিব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্কুলছাত্রের লাশ উদ্ধার
বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের একটি ডোবা থেকে রাহিম (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় প্রাইমারি স্কুলের ১ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় রাহিমের মৃতদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে এসআই আব্দুস সালাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।