নরসিংদীর মনোহরদীতে প্রথম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে গিয়াস উদ্দিন (৪০) নামের বেকারির এক বিক্রয়কর্মী। সোমবার সকালে উপজেলার বারুদিয়া গ্রামের একটি কিন্ডারগার্টেন স্কুলের পরিত্যক্ত কক্ষে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটির চিৎকারে পথচারী ও প্রতিবেশিরা এগিয়ে এসে লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক গিয়াস উদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্বধর ইউনিয়নের ঘুষগড় গ্রামের আবু তাহের মুন্সির ছেলে। সে মনোহরদী বাসস্ট্যান্ডস্থ আল-নূর বেকারীর একজন বিক্রয় কর্মী বলে জানিয়েছে।
যৌন হয়রানীর শিকার শিশুটির পরিবার জানায়, প্রতিদিনের মতো সোমবার সাড়ে নয়টায় শিশুটি স্কুলে যায়। বিদ্যালয়ে তার দুজন সহপাঠী ছাড়া অন্য কেউ না আসায় তারা খেলাধূলা করছিল। হঠাৎ গিয়াস উদ্দিন স্কুলের ভেতর প্রবেশ করে শিশুটির মুখে হাত চেপে ধরে একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নির্যাতিতা ও তার সহপাঠীদের ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এসে গিয়াস উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মনোহরদী থানার ওসি ফখরুদ্দীন ভূঞা বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু