বৌদ্ধ মন্দিরে ব্রত পালন শুরু হলো থাইল্যান্ডের গুহা থেকে নাটকীয়ভাবে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবল দলের। নয় দিন শিক্ষানবিস হিসেবে মঠে কাটাতে হবে তাদের। খবর বিবিসির।
নিরাপদে কিশোররা ফিরলে তাদের ভীক্ষু হিসেবে দীক্ষা নিতে বৌদ্ধ মন্দিরে দেয়ার প্রতিশ্রুতি ছিল তাদের পরিবারের। তাছাড়া পুরুষরা বড় কোন দুর্ভোগ থেকে উদ্ধার হলে স্থানীয় রীতি অনুযায়ী তাদের আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য কিছুদিন মন্দিরে থাকতে হয়। সে অনুযায়ী দলের এক খ্রিষ্টান সদস্য ব্যাতিত কোচসহ ১১ অংশ নেন এতে। ঘটনাটি স্থানীয়রা ফেসবুকে সম্প্রচার করেন।
মঙ্গলবার মাথা মুড়ানোর মাধ্যমে ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার তাদের বিশেষ পোষাক পরিয়ে দেয়া হবে। ৯ দিন ধ্যান, প্রার্থনা ও মন্দির পরিষ্কারে নিয়োজিত থাকবে তারা।
গেল ৮ জুলাই থেকে শুরু হওয়া তিনদিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শেষে ১০ জুলাই কিশোর দল ও তাদের কোচকে উদ্ধার করা হয়।
গত ২৩ জুন থেকে গুহায় উইল্ড বোর ফুটবল দলের ১২ কিশোর সদস্য ও তাদের কোচ আটকা ছিলেন। ২ জুলাই ৯ দিনের এক অভিযানের পর দুই ব্রিটিশ ডুবুরি গুহার ভেতরে কিশোর ফুটবল দলের সদস্যদের খুঁজে বের করেন।
ইত্তেফাক/টিএস