টেকেরহাট থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিমুদ্দীন(১৪)। সে একজন কিশোর ফুটবলার। সে টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। নাজিমুদ্দিনের বাবার নাম আঃ জলিল মৃধা।
এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায়।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, কিশোর নাজিমুদ্দীন অব্যাহত টিপটিপ বৃষ্টির মধ্যে নিকটস্থ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে শরীরে কাঁদা মাখা অবস্থায় বাড়ি ফেরে। ছেলের এ অবস্থা দেখে মা বকুনী দেয়। এ ঘটনার পর সে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি জিয়াউল মোর্শেদ জানান, এব্যপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বেদনাতুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের আহাজারিতে উপস্থিত সকলের চোখ অশ্রু সজল হয়ে ওঠে।
ইত্তেফাক/নূহু