সাব-রেজিস্ট্রি অফিসে দানবাক্স বসিয়ে চাঁদা দাবি, দুদকের অভিযান

রেজিস্ট্রেশন সেবা নিতে আগত জনসাধারণের কাছ থেকে মসজিদের দানবাক্সের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুদক। 
 
মঙ্গলবার সকালে দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) এ ধরনের অভিযোগ আসলে তাৎক্ষাণিক সিদ্ধান্তে কমিশনের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। দুদক টিম সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে রাখা দান বাক্সটি শনাক্ত করে এবং সেটি জব্দ করে মসজিদ কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়। একইসঙ্গে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন। 
 
দুদক সূত্র জানায়, দুদক সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। দুদক টিম উপস্থিত সেবা প্রত্যাশীদের কাছে রেজিস্ট্রেশন সেবা প্রাপ্তিতে বিলম্ব এবং ঘুষ-লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চায়। এ সময় কয়েকজন সেবাপ্রার্থী দুদক টিমের কাছে তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে দুদক টিমের উপস্থিতিতে সেগুলো তাৎক্ষণিক সমাধান করা হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিবিহীন সেবা প্রদান নিশ্চিত করার জন্য সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়। দুদকের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী জনসচেতনতার জন্য স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে যে কোন দুর্নীতি-হয়রানি তাৎক্ষণিক ভাবে দুদক হটলাইন (১০৬)’ এ অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়।
 
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘সাব-রেজিস্ট্রি অফিসে এভাবে মসজিদের দানবাক্স রাখা ভীষণ অনৈতিক। দুদকের এ অভিযান দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে। পর্যায়ক্রমে সব অফিসে এ অভিযান চলবে।’
 
ইত্তেফাক/এমআই