তিন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আজ ইসির বৈঠক

রাজশাহী, বরিশাল ও সিলেটের বিভাগীয় কমিশনার এবং এই তিন সিটির মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ঢাকায় ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তিন সিটি নির্বাচনে ভোটগ্রহণের চারদিন আগে আজ বুধবার তাদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনাররা। তবে তিন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে এ বৈঠকে ডাকা হয়নি। হঠাত্ করেই আয়োজন করা এ বৈঠকে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য কঠোর বার্তা দেওয়া হতে পারে। একইসঙ্গে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্টদের বৈঠকে অংশ নিতে চিঠি দেয়া হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগমুহূর্তের নির্দেশনা দিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
 
ইসির একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটের কয়েকদিন আগে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকের ঘটনা এটিই প্রথম। ২০১০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিল তত্কালীন ড. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। গত সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত্ করে বেশ কিছু অভিযোগ করে চলে যাওয়ার পর এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার বৈঠকে সভাপতিত্ব করবেন।
 
ইসির সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বাধীন চার সদস্যর প্রতিনিধি দল ইসির কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করে। তারা জানায়, তিন সিটিতে পুলিশ বিএনপি নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের গ্রেফতার ও হয়রানি করছে। সরকারি দলের লোকজন আচরণ বিধিমালা লংঘন করলেও রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপরই তিন সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত হয়।