আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রারের অপসারণ বিক্ষোভ মিছিল

আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রার মামুন বাবরের অপসারনের একদফা দাবিতে আন্দোলনে নেমেছে উপজেলা দলিল লেখক সমিতি। বিভিন্ন দুর্নীতি ও ক্ষমতা দেখিয়ে মানুষের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ তুলে দলিল লেখক সমিতি আজ  দুপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবিতে দুই সপ্তাহ ধরে দলিল লেখকরা কলম বিরতী কর্মসূচী পালন করে আসছেন।
আলমডাঙ্গায় কর্মরত সাব-রেজিস্ট্রার মামুন বাবর তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একাধিকবার সমিতির সঙ্গে সমঝোতায় বসার চেষ্টা করেছি। কিন্ত তারা রাজি হননি। তিনি কাজে যোগ দেওয়ার পর অনেক কিছুর সংস্কার করেছেন বলেও দাবি করেন তিনি।

দলিল লেখক সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, মামুন বাবর আলমডাঙ্গায় নিয়োগ নিয়ে আসার পর থেকে সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতির আঁখড়ায় পরিণত করেছেন। টাকা ছাড়া তিনি কোনো দলিলে সই করেন না। তিনি প্রতিদিন বেলা তিনটার দিকে অফিসে আসেন। এসেই দলিল প্রতি লেট ফি বাবদ টাকা নেন। তিনি পিতার বয়সী দলিল লেখকদেরও গালাগালি করেন। টাকা না দিলে মুখের ওপর দলিল ছুঁড়ে ফেলে দেন। তিনি তার পেছনে আইনমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি টাঙিয়ে সবাইকে হুমকি-ধামকি দিয়ে জুলুম করে টাকা দিতে বাধ্য করেন। প্রতিবাদ করলে লাইসেন্স বাতিলেরও হুমকি দেন তিনি।

দুপুরে বিক্ষোভ মিছিলে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ সাব-রেজিস্ট্রারের কাছে বিভিন্ন হয়রানীর শিকার ক্ষতিগ্রস্তরাও উপস্থিত ছিলেন।

এ সময় সাব-রেজিস্ট্রার মামুন বাবরের অপসারণ দাবিতে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, কোরবান আলী, বিশারত আলী, মখলেছুর রহমান, কামাল হোসেন, মজিবর রহমান, সুন্নত আলী, বাবলুর রহমান প্রমুখ।

দশদিন ধরে দলিল লেখক সমিতি কলমবিরতি কর্মসূচী পালন করে আসছে। এতে উপজেলার কয়েক হাজার জমি ক্রেতা-বিক্রেতা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

ইত্তেফাক/নূহু