অকৃষিকাজে কৃষি জমির ব্যবহার রোধে জেলা প্রশাসকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, অকৃষিকাজে কৃষি জমির ব্যবহার রোধে সচেতন থাকবেন। যে সকল জমিতে সেচ কম প্রয়োজন হয় সে সকল জমি এবং ৩ ফসলি জমি কৃষি কাজের জন্য সংরক্ষণ করতে হবে। সরকারের কৃষিবান্ধব নীতি এবং জনগণের দোরগোড়ায় কৃষি উপকরণ ও প্রণোদনা পৌঁছানোর ফলে কৃষি উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।
আজ বুধবার মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ এর দ্বিতীয়দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও নতুন নতুন কৃষি প্রযুক্তি এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে সম্প্রসারণসহ বিভিন্ন কৃষি উপকরণ তথা সার, বীজ ও সেচ খাতে সরকারি সহায়তা ও প্রণোদনা জনগণের দোরগোড়ায় পৌঁছেনোর ফলে কৃষি উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।
ইত্তেফাক/এমআই