বগুড়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

বগুড়া শহরে দিনেদুপুরে সুমাইয়া আক্তার নামের এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে ছাত্রীটির প্রাক্তন স্বামী আল আমিনের বিরুদ্ধে। ছাত্রীটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে শহরের হাকিরমোড় এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি। সুমাইয়া আক্তার (১৮) শহরের নিশিন্দারা ঘোনপাড়া এলাকার আব্দুল গফুরের মেয়ে এবং বগুড়া ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের মানবিক ১ম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও আহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার আনুমানিক পৌনে ২টার দিকে সুমাইয়া তার এক বান্ধবী তারজিলার সঙ্গে কলেজ ছুটির পর বাড়ি ফিরছিলেন। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সুমাইয়া আক্তারের কথিত স্বামী আল আমিন তার ওপর হামলা চালায়।

এ সময় সুমাইয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আল আমিন পালিয়ে যায়। সুমাইয়া আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়।

পারিবার সূত্রে জানা গেছে, গত দুবছর আগে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করার সময় একই এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে আল আমিন রাস্তা ঘাটে সুমাইয়াকে বিরক্ত করতো। এর এক পর্যায়ে সুমাইয়াকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আল আমিন। কিন্তু সে বিয়ে এক মাসের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবারো লেখাপড়ায় মন দেয় সুমাইয়া।

সে এ বছর এসএসসি পাশ করার পর স্থানীয় ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছে। এর মধ্যে আবারো সুমাইয়াকে পথে বিরক্ত শুরু করে আল আমিন। এ ব্যপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে এ বিষয়ে বিচার দেন তার বাবা আব্দুল গফুর। তার পরিবারের অভিযোগ কাউন্সিলর এ বিষয়ে কোন উল্লেখযোগ্য ভূমিকা না রাখায় আবারো বেপরোয়া হয়ে ওঠে সে। এর জের ধরে আল আমিন গতকাল এই হামলা চালায়।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার বলেন, কলেজ ছাত্রীটি এখন শংকামুক্ত। তার প্রাক্তন স্বামী আল আমিন এই ঘটনাটি ঘটিয়েছে। তার প্রাক্তন স্বামী বর্তমানে ঢাকায় থাকে। মাঝেমধ্যে বগুড়ায় আসে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি।

ইত্তেফাক/নূহু