আন্তজার্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি গ্লাস্কোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের কারখানাটি বন্ধ ঠেকাতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির এমপ্লয়িজ ইউনিয়ন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় গ্লাস্কোস্মিথক্লাইন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজম বলেন, কোম্পানিটি জীবন রক্ষাকারী ওষুধ ও পুষ্টিকর খাদ্য প্রস্তুত করে থাকে। এটি লাভজনক প্রতিষ্ঠান। প্রতিবছর সরকারকে শতশত কোটি টাকা রাজস্ব ও ট্যাক্স দিয়ে আসছে।
গত ৫ বছরের একটি হিসাব দিয়ে তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ৫ বছরে প্রতিষ্ঠান নিট মুনাফা অর্জন করেছে ৩৫১ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার টাকা। সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে ১ হাজার কোটি টাকা। এছাড়া এই প্রতিষ্ঠানে সরকারি মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যে ১৮ শতাংশ শেয়ার আছে সেখান থেকেও সরকার প্রচুর লভ্যাংশ পেয়ে থাকে।
সংবাদ সম্মেলনে ওষুধ ও পুষ্টিকর খাদ্য প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানকে বন্ধের হাত থেকে রক্ষা করে উৎপাদন সচল রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস, সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও কল্যাণ সম্পাদক মো. হাসান প্রমুখ।
ইত্তেফাক/কেকে