রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘সিটির উন্নয়নে কাজ করছি। আমার কাজে ভুল হতে পারে। দুর্নীতি হতে পারে। আপনারা যদি আমার কোনো কাজে দুর্নীতি খুঁজে পান, রিপোর্ট প্রকাশ করবেন। আমার ভুল হলে দেখিয়ে দিন। আপনাদের প্রতি অনুরোধ অন্যায় ও দুর্নীতিতে কাউকে ছাড় দিবেন না।’
বুধবার রাতে সিটি পার্ক মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বাফজাএ) রংপুর এর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
রসিক মেয়র বলেন, ‘সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়া। এখানকার প্রত্যেক বিভাগে দুর্নীতি। এই দুর্নীতি থাকবে না। এক এক করে সব বিভাগে শুদ্ধি অভিযান শুরু করেছি, কাউকে ছাড় দেয়া হবে না। আশা করছি এক বছর পর এই চিত্র থাকবে না। এজন্য সাংবাদিকদের লেখুনির মাধ্যমে সহযোগিতা করতে হবে।’
উদ্বোধনী আয়োজনে রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক এর সঞ্চালনায় ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর মহানগর সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সাংবাদিক, সংগঠক ও লেখক আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মোস্তফা আরো বলেন, ‘ফটো সাংবাদিকরা রিপোর্টের প্রাণ। তাদের তোলা ছবি দেশের পরিস্থিতির প্রকাশ ঘটায়। একেকটা ছবি একেকটা প্রেক্ষাপট বুঝায়। সাংবাদিকতায় নির্ভীক, সাহসী, নিষ্ঠাবান সংবাদকর্মীরাই দেশের জন্য কাজ করে যাচ্ছে। হলুদ সাংবাদিকতা রোধে বস্তুনিষ্ঠ সংবাদ ও ছবি প্রকাশে ভালো সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মিরু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব টিপু, কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু, দপ্তর ও প্রচার সম্পাদক মেজবাহুল হিমেল, সদস্য শাহীন সরকার, মেরাজুল ইসলাম মিরাজ, আব্দুলল্লা আল মামুন, কামরুজ্জামান সেলিম, রণজিত্ দাস, আল আমিন, আরটিভির রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম বাদল, আনন্দ টিভির রংপুর ব্যুরো মাহাফুজুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম