জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর আখক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শহির আলী (৩৫)। গত ২৫ আগস্ট বুধবার বিকাল ৩টার দিকে সরদারপাড়া এলাকায় ব্রহ্মপূত্র নদের পাড়ের এক আখক্ষেতের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক শহির আলী সরদারপাড়া গ্রামের ইছব আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি সরদারপাড়া গ্রামের কৃষক শহির আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বুধবার বিকালে এলাকার লোকজন আখ ক্ষেতে মানুষের পা শেয়ালে টানাহেঁচড়া করতে দেখে দেওয়ানগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে লাশটি উত্তোলন করলে লাশ দেখে শহির আলী স্বজনরা শনাক্ত করে। পরে পুলিশ নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল হক হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী রাশেদা বেগমের সংশ্লিষ্টতা থাকায় তাকে গত ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু