উল্লাপাড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

পারিবারিক কলহের সূত্র ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বানিয়াকৈর গ্রামে। জানা যায়, নিহত গৃহবধূর নাম শাহনাজ পারভীন (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেদম মারপিট করে। ঘটনার কিছুক্ষণ পরে শাহনাজ পারভীন মারা যায়। স্বামীর পরিবার দ্রুত তাকে দাফন করার চেষ্টা করে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শাহনাজের বাবা আব্দুস ছাত্তার বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় শনিবার সকালে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। প্রায় সাত বছর আগে সিরাজুল ইসলামের সঙ্গে শাহনাজের বিয়ে হয়। তাদের ঘরে একটি শিশু সন্তান রয়েছে।