বদলগাছীতে বেপরোয়াভাবে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা হয়ে পড়েছে। বদলগাছী উপজেলার প্রায় সবখানেই ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর দিয়ে সেই মাটি ইটভাটায় নেওয়া হয়। এই অবৈধ যানবাহনের কবলে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাগুলোর একই অবস্থা। সামান্য বৃষ্টি হলে পাকার উপর কাদার তৈরি হয়। সবকিছু মিলিয়ে যেন রাস্তাটি মরণফাঁদে রূপ নিয়েছে।
বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ শিংহ বলেন, উপজেলা প্রশাসনের সামনে ডাকবাংলোর মোড় থেকে তিনটি স্কুলের শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বহনকারী ট্রাক্টরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। শুধু এই রাস্তা নয়, উপজেলার প্রায় সব রাস্তার একই অবস্থা।
এ প্রসঙ্গে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মনজুর এ মোরশেদ বলেন, ধূলাবালিযুক্ত রাস্তায় চলাচলের কারণে শিশুদের নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এই ধূলাবালি নাসিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের মাঝে শ্বাসকষ্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিডি) মো. মুনিরোজ্জামান বলেন, আমাদের গ্রামীণ রাস্তাগুলোতে আট টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছে না। বিশেষ করে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরগুলো রাস্তার বেশি ক্ষতি করছে।