যৌন হয়রানির অভিযোগে নোয়াখালী পৌরসভার সায়েন্স অ্যান্ড কমার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আফতাব উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যক্ষ আফতাবের বিরুদ্ধে ওই এলাকার এক নারী যৌন হয়রানির অভিযোগ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে তদন্ত শুরু করে। এ তদন্তের ভার দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালককে। গত ১০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সিনিয়র সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালককে অধ্যক্ষ আফতাব উদ্দিন কর্তৃক যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ওই কলেজে চাকরি প্রার্থী এক নারী তাকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন অধ্যক্ষ আফতাব উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগটি নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কুমিল্লা অঞ্চলের পরিচালককে এর তদন্তভার দেয়। এর আগে নারী অধিকার নামের একটি সংগঠন অধ্যক্ষ আফতাব উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ও তার শাস্তির দাবিতে জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ করে।
এদিকে অধ্যক্ষ আফতাব উদ্দিন তার বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ আনা অভিযোগকারী ওই নারী উম্মে সালমার বিরুদ্ধে গত ৩১ মার্চ নোয়াখালী যুগ্ম জেলা জজ ১ম আদালতে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আগামী ২০ জুন মামলার শুনানির দিন ধার্য করেন আদালত