জামালপুর ব্যস্ততম শহরের ভোকেশনাল মোড়ে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে একটি পাটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি অটোরিক্সা চাপা পড়ে। তাৎক্ষনিক খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরাসহ পুলিশ উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে পাটবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাক নং (ঢাকা মেট্রো ট-২০-২৭০৩) নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি অটোরিক্সার ওপর উল্টে পড়ে। এ সময় সেলিম মিয়া নামের এক যাত্রী বসা ছিলেন সিএনজিতে। ট্রাক উল্টে যাচ্ছে দেখে তিনি দৌঁড়ে জীবন বাঁচাতে সক্ষম হন।
দুর্ঘটনাস্থলে চাপাপড়া চারটি সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় লোকজনদের নিরাপদ দূরে সরে যেতে বলা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নূর উদ্দিন জানান, ট্রাকটি উদ্ধার না করা পর্যন্ত সিএনজিগুলোতে কোনো জীবিত বা মৃত মানুষ আছে কি না বলা যাচ্ছে না। এদিকে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
ইত্তেফাক/নূহু