আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। বৃহস্পতিবার বিকেলে কাজিপুরের টেংলাহাটায় নবনির্মিত আর.আই.এম ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালবাসা দিয়ে এ দেশের তৃণমূলের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের শান্তি ও উন্নয়ন বিঘ্নিত হয় মন্তব্য করে মোহাম্মদ নাসিম দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয়। পরে তিনি উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ দুটি ভবন নির্মানে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করা হয়েছে।
নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে টেংলাহাটা আর.আই.এম. ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলন পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী আগামী সংসদ নির্বাচন বিএনপিকে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেন, নির্বাচনী খেলা হবে মাঠে। কেউ পালাবেন না। জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।
ইত্তেফাক/নূহু