মেলান্দহে বিআর-২৮ ধানে ব্লাস্ট রোগ

মেলান্দহে বিআর-২৮ জাতের ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ধান গাছের গোছা এবং শীষ দেখতে অনেক সুন্দর। কিন্তু ধানে নেই মোহর বা দানা।

উপজেলার বানিপাকুরিয়া, চরবানিপাকুরিয়া, সাধুপুর, দাগি, বুরুঙ্গা, দুরমুঠ, কুলিয়াসহ সর্বত্রই এমন দৃশ্য দেখা গেছে। ব্লাস্ট রোগ এবারও মহামারির রূপ নিয়েছে। বিগত তিন বছর যাবত্ ধানে ব্লাস্ট রোগ দেখা দিচ্ছে।

কৃষক হানিফ উদ্দিন, খোরশেদ আলমসহ অন্যরা জানান, প্রতিবছরের মতো এবারও পর্যাপ্ত সার-কীটনাশক প্রয়োগ করেও শেষ রক্ষা হয়নি। এ বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ব্লাস্ট আক্রান্ত হয়েছে। আক্রান্ত ক্ষেত থেকে কৃষক ৫ কেজি ধানও ঘরে তুলতে পারছেন না। ক্ষতিগ্রস্ত ৫ সহস্রাধিক প্রান্তিক চাষিরা হতাশ।

কৃষি কর্মকর্তা ড. মাহফুজুল হক জানান, প্রতিদিন কৃষকদের সচেতন করতে উঠান বৈঠক, ব্লাস্ট রোগ থেকে রক্ষায় করণীয় সম্পর্কে আগে থেকেই মাইকিং-লিফলেট বিলি করা হচ্ছে। যে সকল কৃষক কৃষি অফিসের পরামর্শ মেনেছেন, তারাই সুফল পেয়েছেন।