রাজবাড়ীর পাংশা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লালন হালদার (৪১) নামে এক চরমপন্থী নিহত হয়েছে। নিহত লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের জীবন হালদারের ছেলে। পুলিশের দাবি লালন চরমপন্থী জুলহাস বাহিনীর সদস্য।
শুক্রবার ভোর রাতে উপজেলার হাবাসপুর ইউপির স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার হাবাসপুর ইউনিয়নের স্লুইচ গেট এলাকায় একদল চরমপন্থী মিটিং করছে। এই সংবাদের ভিত্তিতে পাংশা থানার পুলিশ ভোররাতে ঐ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় উভয় পক্ষের গোলাগুলিতে লালন আহত হন।
তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, একটা একনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লালনের বিরুদ্ধে পাংশা ও সুজানগর থানায় হত্যাসহ বিভিন্ন ধরনের চারটি মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু