ইয়াবার চালান নিতে এসে উখিয়ার কুতুপালং বাজার থেকে দুর্বৃত্তরা অপহরণ করেছে কুমিল্লার দুইজন ইয়াবাকারবারীকে। দুর্বৃত্তরা তাদের বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অপহরণ করে ঘুমধুমের গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের হাতে থাকা ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ছিনিয়ে নেয়। দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা অপহৃতদের মারধর করে গুরুতর আহত করে।
ওই রাত ৩টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় ঘুমধুম পুলিশ অপহৃতদের উদ্ধার করে। এ সময় গ্রামবাসী অপহরণকারী ঘুমধুম বড়বিল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল লতিফকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
ইয়াবাকারবারী চট্রগ্রামের সন্দ্বীপ মুছাপুর গ্রামের ডাঃ আব্দুল মন্নানের ছেলে মোঃ মুক্তদির রহমান (২৫) ও কুমিল্লা লাঙ্গলকুট গ্রামের মোঃ লকিয়তুল্লার ছেলে মোঃ সেলিম (২৫)। তারা জানান, তারা দুই বন্ধু কুতুপালং বাজারে এলে ঘুমধুম মগঘাট গ্রামের মৃত আলী আকবরের ছেলে আনোয়ার (৩৫), ইমাম শরিফের ছেলে এরশাদুল হক (২৫), আজুখাইয়া গ্রামের আলি হোছনের ছেলে আমিন (২২) সহ আরও ৭ জন দুর্বৃত্ত তাদের ইয়াবা বিক্রির কথা বলে ঘুমধুমের করালা বনিয়া গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হাত-পা বেঁধে দুই লাখ টাকা মুক্তিপনের জন্য পিটিয়ে রক্তাক্ত জখম করে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমন চৌধুরীর নেতৃত্বে গ্রামবাসী ঘটনাস্থলে হানা দিয়ে অপহ্নতদের উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু