রাঙ্গামাটিতে বৌদ্ধদের আষাঢ়ি পূর্ণিমা উদযাপন

আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাঙ্গামাটির রাজবন বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আচার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সকালে ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানীয় সামগ্রি ভিক্ষ সংঘের উদ্দেশ্য উৎস্বর্গ করা হয়।  
 
রাঙ্গামাটি রাজবন বিহারে ধর্মীয় উপদেশ দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাথেরো। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নার্থী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ। 
 
অপরদিকে রাঙামাটি মৈত্রী বিহারে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী দীপংকর তালুকদার। এর আগে তিনি বিহারের সীমাঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। এছাড়া জেলার অন্যান্য বৌদ্ধ বিহারে আষাঢ়ি পূর্ণিমা উদযাপিত হয়েছে। 
 
আষাঢ়ি পূর্ণিমার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করে থাকেন।
 
ইত্তেফাক/ইউবি