বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি হিসেবে মোল্লা জালালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট।
ভোট গ্রহণের দুই সপ্তাহ পর আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতি পদের ফল ঘোষণা করেন।
গত ১৩ জুলাই বিএফইউজে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এ সময় অন্যান্য পদের ফল ঘোষণা করা হলেও সভাপতি পদের ফল স্থগিত করা হয়। তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শ্রম আইন অনুযায়ী হাতে ভোট গণনা করে পরবর্তীতে এ পদে ফল ঘোষণা করা হবে।
বিএফইউজে নির্বাচনে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকায় তিন হাজার ২৪৯ ভোটারের মধ্যে এক হাজার ৯১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আগে ঘোষিত ফলাফলে মহাসচিব পদে শাবান মাহমুদ পেয়েছেন এক হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন ৭০০ ভোট।
এ ছাড়া এক হাজার ১০৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. উৎপল কুমার সরকার পেয়েছেন ৭৫৫ ভোট। যুগ্ম মহাসচিব পদে আবদুল মজিদ, কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ এবং দফতর সম্পাদক পদে বরুণ ভৌমিক নয়ন নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ মামুনূর রশিদ (৮৬৬), নূরে জান্নাত সীমা (৭১০), সেবিকা রানী (৬২১) ও খায়রুজ্জামান কামাল (৬১৮)।
ইত্তেফাক/কেকে