মণিরামপুরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে মাঠে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ডিপির মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩২ বছর।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। লুঙ্গি ও ফুলহাতা শার্ট পরিহিত লাশের গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়। 
 
স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় নিহতের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের পরিচয় এবং কী কারণে তার মৃত্যু হলো তা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।  
 
ইত্তেফাক/কেকে